দিনাজপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি অধিগ্রহণের নামে হয়রানী ও মিথ্যা মামলা দায়ের, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্তের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ছয় ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত পূর্ব নির্ধারিত এ অবরোধ কর্মসূচি পালিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
উপজেলার ঢাকা মোড় সড়ক ও ফুলবাড়ী রেল গেইট পর্যন্ত অবরোধে প্রায় দুই হাজার নরনারী অংশ নেয়। এ সময় সড়কের উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
শুধু সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচী ডাকা হলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল থেকে খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।
অবরোধস্থল থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধ চলাকালে কোনো ট্রেন চলাচল করেনি।
এ সময় বিভিন্ন স্টেশনে আন্তঃনগর ট্রেন দ্রুতযান, রূপসা, বরেন্দ্র, সীমান্ত ও তিতুমীর এক্সপ্রেস আটকা পড়ে বলে জানান সাত্তার।
অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে ফুলবাড়ীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র্যাব।
বেলা ১২টায় অবরোধ শেষ হলে পুনরায় যান চলাচল শুরু হয়।
অবরোধ চলাকালে খণ্ড খণ্ড মিছিল ফুলবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মোড় ছাড়াও নিমতলা মোড়, হাসপাতাল মোড় ও রেল গেইটে আন্দোলনকারীদের পিকেটিং করতে দেখা যায়।
অবরোধ শেষে ঢাকা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মোহাম্মদ, গণফ্রন্টের টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের মোশারফ হোসেন নান্নু, ওয়ার্কাস পার্টির (পুনর্গঠন) আব্দুস সাত্তার, সমুদ্র বিশেষজ্ঞ নুর মোহাম্মদ, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলুসহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ।
আনু মোহাম্মদ বলেন, "বড়পুকুরিয়া খনি এলাকায় মাটি দেবে গিয়ে যেসব কৃষকের ফসলি জমির ক্ষতি হয়েছে আগামী ১৫দিনের মধ্যে সেই ফসলের ক্ষতিপূরণ প্রদান এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১৪ ঘ.
bdnews24