২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীম কারাগারে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে আটক রাখা এবং তার পক্ষে জামিনের আবেদনের শুনানি আগামী ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করে সে পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 08:54 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে আটক রাখা এবং তার পক্ষে জামিনের আবেদনের শুনানি আগামী ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করে সে পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরের পর শুনানি শেষে নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আলীমের আইনজীবী তাজুল ইসলাম বলেন, "আটকাদেশের আবেদনে বলা হয়েছে, আলীম বাইরে থাকলে সাক্ষীরা ভীত থাকেন। কিন্তু কোথায়, কখন, কীভাবে কাকে তিনি ভয় দেখিয়েছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।" এ সময় প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, "আমি পৌনে ২টার দিকে তার (আলীম) জামিন আবেদন পেয়েছি। এগুলো পড়ে বুঝতে সময় দরকার।" গ্রেপ্তারের পর বিএনপির সাবেক এ সংসদ সদস্যকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউটর জেয়াদ আল মালুম ১৯৭১ সালে আলীমের ভূমিকা ব্যাখ্যা করে তার আটকাদেশ চান। এরপর আলীমের আইনজীবী তাজুল ইসলাম এ আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। ট্রাইব্যুনাল এরপর দুটি আবেদনের শুনানির জন্যই আগামী ৩১ মার্চ দিন ঠিক করেন। ওই সময় পর্যন্ত আলীমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে অশীতিপর আলীমের শারীরিক অবস্থার দিকে নজর রাখতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জয়পুরহাটে রোববার গ্রেপ্তারের পর সোমবার সকাল পৌনে ৯টার দিকে পুলিশের একটি বিশেষ দল আলীমকে নিয়ে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনাল কার্যালয়ে পৌঁছে। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে রোববার ট্রাইব্যুনালের আদেশের পর জয়পুরহাটে বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। আলীমকে গ্রেপ্তারে গত ২৩ মার্চ ট্রাইব্যুনালে আবেদন করেছিলো যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। আলীমের আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়ে আছেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে গত বছরের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় আটকের তিন দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাও এখন কারাবন্দি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একে একে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬০০ ঘ.