ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে ফতোয়ার পর নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া হেনা আক্তারের প্রথম দফা ময়না তদন্তকারী তিন চিকিৎসক এবং জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে আলামত নষ্ট ও তথ্য গোপনের অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ বিষয়ে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে সোমবার এ নির্দেশ দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ।
চার চিকিৎসক হলেন- সিভিল সার্জন গোলাম সারোয়ার, শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নির্মল চন্দ্র দাস, ডা. হোসনে আরা বেগম ও ডা. রাজেশ মজুমদার।
একই সঙ্গে ওই চার চিকিৎসকের বিরুদ্ধে বিভগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও ওই চার জনের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিকে নির্দেশ দেওয়া হয়।
আগামী ২৪ এপ্রিলের মধ্যে এসব নির্দেশনার বিষয়ে অগ্রগতির প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়।
হেনার মৃত্যুর পর শরীয়তপুরে ময়নাতদন্তে নির্যাতনের আলামত মেলেনি। পরে আদালতের নির্দেশে ঢাকায় পুনরায় ময়নাতদন্ত হলে নির্যাতনের আলামত মেলে।
সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন দুই ময়না তদন্তের অমিলের প্রতিবেদন এবং মামলা ও তদন্তে দুই পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে দুটি আলাদা প্রতিবেদন আদালতে জমা দেন।
গত ২৩ মার্চ প্রতিবেদন দুটি সুপ্রিম কোর্টের নিবন্ধকের দপ্তরের মাধ্যমে পেয়েছেন বলে জানান এবিএম আলতাফ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো. শেফায়েত উল্লাহর নেতৃত্বে সাত সদস্যের কমিটি দুই ময়না তদন্তের অমিল তদন্ত করে প্রথম প্র্রতিবেদন তৈরি করেন।
একই ঘটনায় অপর প্রতিবেদনটি দেয় শরীয়তপুরের পুলিশ সুপার। এতে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
গত ২৪ জানুয়ারি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে শালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪১৪ ঘ.
bdnews24