ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব সড়কে চলাচলের সুযোগ, পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রিকশা শ্রমিক-মালিকদের বিক্ষোভের মধ্যে ঢাকায় শতাধিক গাড়ি ভাংচুর হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পুরানা পল্টন থেকে মালিবাগ মোড় এলাকা পর্যন্ত এ ভাংচুর চলে। তবে রিকশা মালিক-শ্রমিকরা বলছে, তারা ভাংচুরে জড়িত ছিলো না।
রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ দুপুরে মুক্তাঙ্গনে সমাবেশ ডাকে।
সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে রিকশাচালকরা মুক্তাঙ্গনে আসতে থাকে।
ওই সময় কাকরাইল মোড় থেকে মৌচাক হয়ে মগবাজার এলাকায় মিছিলকারীরা শতাধিক গাড়ি ভাংচুর করে। কয়েকটি স্থানে সড়কে আগুনও ধরানো হয়। ওই সময় এ পথে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছাড়লে গাড়ি চলাচল শুরু হয়। বিক্ষোভকারীদের হামলায় সাত জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত এলাকায় বিক্ষোভকারীরা চলাচলরত রিকশা উল্টে রাজপথ অবরোধ করে রাখে। এখানেও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
দৈনিক বাংলা থেকে পল্টন মোড় পর্যন্ত সড়কে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিলো।
দুপুরে মুক্তাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আর এ জামান, সদস্য সচিব ইনসুর আলী, আতাহার আলী, আব্দুর মান্নান, আলী আহমেদ প্রমুখ।
বক্তরা বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর একটি মহল শেখ রাসেলের নাম ব্যবহার করে রিকশার প্লেট টোকেন ব্যবহার করছে।
তাদেরকে 'অবৈধ' দাবি করে বক্তারা বলেন, অবিলম্বে এসব রিকশা রাজপথ থেকে তুলে নিতে হবে।
তারা ২০০১ সালের চুক্তি মোতাবেক রিকশা মালিকদের ৪৩ হাজার রিকশার লাইসেন্স দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
এ ৪৩ হাজার রিকশা রাজপথে চলাচলে কোনো পুলিশি হয়রানির শিকার না হয় তার দাবি জানান রিকশা মালিকরা।
সমাবেশ আসা ফরিদপুরের রিকশাচালক বিপুল জানান, রাজধানীর বিভিন্ন রাস্তা সরকার ভিআইপি ঘোষণা করে এসব রাস্তায় রিকশা চলাচল বন্ধ করে দিচ্ছে। এতে রিকশা চলাচলের এলাকা কমে যাচ্ছে, ফলে উপার্জনও কমে যাচ্ছে।
"অন্যদিকে রিকশার জমা (ভাড়া) দিন দিন বাড়ছে। চালের দাম বাড়ছে। আমাদের জীবন চালাতে কষ্ট হচ্ছে। এজন্যই আমরা এ সমাবেশে এসেছি", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
একই ধরনের কথা বলেন সিরাজগঞ্জের আব্দুস সামাদ, মুন্সীগঞ্জের বাশার মিয়া।
তারা অভিযোগ করেন, রিকশা চালাতে গেলে প্রতিনিয়ত ট্রাফিক সার্জেন্টদের বখরা দিতে হয়। নাহলে পুলিশ রিকশার সিট নিয়ে নেয়, টায়ারে সুই মারে।
বিক্ষোভকারীরা পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান।
গাড়ি ভাংচুর ও অন্য রিকশা চালকদের হয়রানি প্রসঙ্গে সংগঠনের আহ্ববায়ক জামান বলেন, "এসব আমাদের শ্রমিকদের কেউ করেনি, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্য কেউ করে থাকতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/সিএস/আরএম/এমআই/১৩১৩৪২ ঘ.
bdnews24