২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় গাড়ি চুরমার, নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস চুরমার হয়ে অন্তত এক জন নিহত হয়েছে। আহত হয়েছে চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 05:56 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

কুষ্টিয়া, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস চুরমার হয়ে অন্তত এক জন নিহত হয়েছে। আহত হয়েছে চার জন। ভেড়ামারার ষোলদাগ জি কে ১ নম্বর সেতু সংলগ্ন এলাকায় কুষ্টিয়া-পাবনা সড়কে সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ দুর্ঘটনার কারণে কুষ্টিয়া-পাবনা সড়কে চার ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া ছেড়ে আসা মাইক্রোবাসের সঙ্গে লেভেল ক্রসিংয়ে তেলবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাস আরোহী পাবনা জেলার সুজানগর উপজেলার উলাট গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (৬০) ঘটনাস্থলেই মারা যান বলে ভেড়ামারা থানার ওসি আজম খান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর সড়ক ৪ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। মাইক্রোবাসটি সরিয়ে নেওয়ার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। দুর্ঘটনায় আহত মাইক্রোবাসচালক খাজা (২২) এবং যাত্রী আবু হানিফ (২৪) ও মনিরুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে খাজা ও মনিরুলের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.