২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০

রাজশাহী নগরীর রেল এলাকায় দু'দল পরিবহন শ্রমিকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

রাজশাহী, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীর রেল এলাকায় দু'দল পরিবহন শ্রমিকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রোববার বাস শ্রমিকদের সাথে টেম্পু শ্রমিকদের সংঘর্ষ ঘটে। এসময় দুটি বাস ও ১০টি টেম্পু ও অটোরিক্সা ভাংচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে মোহনপুরগামী একটি বাসের হেলপার যাত্রী ওঠানোর জন্য ডাকাডাকি করে। একই সময় টেম্পু ও আটোরিক্সার চালক ও শ্রমিকরাও যাত্রীর জন্য ডাকতে থাকেন। এক পর্যায়ে এক যাত্রীকে নিয়ে দুই পক্ষের টানাহেঁচড়া শুরু হয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ বেঁধে যায়। এতে শ্রমিক মানিক খান, যুবরাজ, আনোয়ার হোসেন, সোহাগসহ ১০ জন আহত হয়। তারা প্রথমিক চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর বাস শ্রমিকরা রাজশাহী-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ রাখে। সন্ধ্যায় দুই পক্ষের নেতাদের মধ্যে বৈঠকে সমঝোতা হয়। পরে বাস চলাচল শুরু হয়। বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন জানান, দুই পক্ষকে থানায় ডেকে সমঝোতা করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৭ ঘ.