২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনূসকে সুদখোর বলবেন না'

ড. মুহাম্মদ ইউনূসকে 'সুদখোর' না বলতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসকে 'সুদখোর' না বলতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি সংগঠন। রোববার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 'ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত' শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। 'বাংলাদেশ ও নোবেল বিজয়ী ড. ইউনূসের সম্মান রক্ষা নাগরিক কমিটি'র সদস্য জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ড. ইউনূসকে সুদখোর বলবেন না। এতে তার এবং দেশের মান নষ্ট হয়। "অবান্তর কোনো কথা বলবেন না। আপনার দলেও সুদখোর ও ঘুষখোর রয়েছে।" গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইউনূসকে অব্যহাতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশ প্রত্যাহারে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান নাগরিক কমিটির আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীন। ইউনূসকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, ড. হোসেন জিল্লুর রহমান, রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল এবং সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। এ বিষয়ে মোস্তাফা আমীন অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের বলেন, কে এলো, কে এলো না তা দেখার বিষয় না। অনুষ্ঠান হয়েছে এটাই বড় কথা। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফের সভাপতিত্বে সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবীর, মুস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সেকান্দার খান বক্তব্য দেন। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসআই/আরএ/পিডি/১৯৫২ ঘ.