ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ঘোষক প্রশ্নে বিতর্ক সৃষ্টি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, "পাকিস্তানিদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর পরিণতিই বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হলে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিলো, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই শূন্যতা পূরণ করেন। তাই বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলা অপ্রয়োজনীয়।"
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদ 'স্বাধীনতার ঘোষক জিয়া' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
জিয়াউর রহমানকে 'স্বাধীনতার ঘোষক' অভিহিত করে মওদুদ বলেন, জাতির এক সংকটময় মুহূর্তে জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে রাজনৈতিক শূন্যতার দূর করেছেন। মানুষকে স্বাধীনতা পথ দেখিয়েছেন। কোটি কোটি মানুষ তার ঘোষণা শুনে উজ্জীবিত হয়েছেন।
বঙ্গবন্ধুর অবস্থান উর্ধ্বে- এ কথা স্বীকার করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "বঙ্গবন্ধুর সঙ্গে জিয়ার অবস্থানের কোনো সংঘর্ষ নেই। ইতিহাসে দুইজনের স্থান দুই খানে।
আওয়ামী লীগের অতি উৎসাহী একটি অংশ ও 'আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা' স্বাধীনতার ঘোষক নিয়ে বির্তক সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।
এমনকি মওদুদ দাবি করেন যে, তার দল বিএনপি দেশের সর্ববৃহৎ মুক্তিযোদ্ধার দল। এই দলের প্রতিষ্ঠাতা কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, অস্ত্র নিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। অপর দিকে আওয়ামী লীগের কোনো শীর্ষস্থানীয় নেতা যুদ্ধে নেতৃত্ব দেননি।
সংগঠনের সভাপতি এম এ মান্নান জমাদারের সভাপতিত্বে আলোচনা সভায় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. আলম খান, এখলাছুর রহমান, মনিরুল ইসলাম, ফাতেমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৯ ঘ.
bdnews24