চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর অক্সিজেন মোড় এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক নারী শ্রমিক।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শামসুন নাহার (১৮) বায়েজীদ এলাকার ক্লিপটন গার্মেন্টেসের শ্রমিক। আহত হয়েছেন একই এলাকার শিরিনা গার্মেন্টেসের শ্রমিক রোজী আক্তার (১৯)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত দুজনকে হাসপাতালে আনার পর সকাল সোয়া ৮টার দিকে শামসুন নাহার মারা যায়।
বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩০০ ঘ.
bdnews24