লালমনিরহাট, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে শনিবার ট্রাক ও ট্রাক্টর চাপায় দুইজন নিহত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলার কাশীরাম রেল গেটে শনিবার সকালে ট্রাকচাপায় মারা যায় ভ্যানচালক নাজমুল ইসলাম (১৮)। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামে। বাবার নাম বদিউজ্জামান।
কালীগঞ্জ থানার ওসি প্রজিৎ কুমার রায় জানান, সকাল ১১টার দিকে লালমনিরহাট থেকে পাটগ্রাম যাওয়ার পথে কাশীরাম রেলগেটের কাছে একটি ট্রাক ভ্যানগাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই নাজমুল মারা যায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
ওদিকে দুপুর ৩টার দিকে জেলার সদর উপজেলার কুলাঘাট গ্রামে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মটর সাইকেল আরোহী আজিজার রহমান (২৮) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজার মারা যায়।
আজিজার কুলাঘাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩১ ঘ.
bdnews24