ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে স্বাধীনতার ৪০তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ, জাতি স্মরণ করেছে মুক্তিযুদ্ধে শহীদদের।
রাষ্ট্রীয়ভাবে দিনটিকে বরাবরের মতোই জাতীয় দিবস হিসেবে পালন করা হয়েছে। ঢাকার পাশাপাশি সারাদেশে সরকারিভাবে পালনের পাশাপাশি বেসরকারি পর্যায়ে পালিত হয়েছে দিনটি।
শনিবার ভোরে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মধ্য দিয়ে দিনের দিনের কর্মসূচি শুরু হয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয় শিশু-কিশোর সমাবেশ।
ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
স্মৃতিসৌধের কর্মসূচি শেষে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনও ফুল দেয়।
সকাল ৯টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুকও এ অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতার উৎসবে অংশ নিতে রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে ঢাকা এসেছেন তিনি।
সকাল সাড়ে ৯টার দিকে স্মৃতিসৌধে এবং সকাল পৌনে ১১টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন দলের নেতারা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়া সৌদি আরব থাকায় তার পক্ষে জ্যেষ্ঠ নেতারা এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এর আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠে স্মৃতিসৌধের বেদি। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের পাশাপাশি মুক্তিযোদ্ধা সংগঠনও ফুল দেয় স্মৃতিসৌধে।
ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দেয়, ১৯৭১ সালে তার ডাকেই মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো বাঙালিরা।
৪০ বছর আগের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা।
২৫ শে মার্চের কালরাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে গণহত্যা চালায়, তাই নয় মাসের মরণপণ যুদ্ধে ঠেলে দেয় এ জনপদের মানুষকে।
১৯৭১ সালের ২৫ মার্চের রাতে ঢাকায় গণহত্যা চলাকালে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগেই জাতিকে স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়ে যান তিনি।
এর আগে ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন। পৃথক বিবৃতিতে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
রাষ্ট্রপতি মো. জিল
bdnews24