মাদারীপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শিবচর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে ১০টি মটর সাইকেল।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পাচ্চর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
মহাসড়ক পুলিশের পাচ্চর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মাদবরের চর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা ও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতি হাওলাদারের সমর্থকদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ইমন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজ্জার মোল্লার সঙ্গে পাচ্চর বাসস্যান্ডে প্রথমে মতি হাওলাদারের সমর্থকদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা রাজ্জাককে লাঞ্ছিত ও আহত করে।
খবর পেয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা বাসস্ট্যান্ডে থাকা ১০টি মটর সাইকেল ভাংচুর করে বলে ইমন জানান।
আহতদের মধ্যে আবু বেপারী, সেলিম বেপারী ও শাহিন শেখকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবচর থানার ওসি মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তা আমলে নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩০ ঘ.
bdnews24