ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের সমাধিস্থল পরিষ্কার করতে না দেওয়া এবং স্বাধীনতা দিবসে বিভিন্ন স্থানে বিএনপির তোরণ ভেঙে দেওয়ার অভিযোগ তুলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্য দিয়ে সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রকাশ ঘটেছে।
শনিবার দুপুরে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন তিনি।
বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল বলেন, "সরকার অগণতান্ত্রিক আচরণ করছে। স্বাধীনতা দিবসের দিনও তারা এ আচরণ থেকে সরে আসেনি। স্বাধীনতা দিবসে শহীদ জিয়ার মাজারে পরিচ্ছন্নতা কর্মীদের প্রবেশ করতে দেয়নি পুলিশ। ফলে আজ পুরো সমাধিস্থলে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিলো।
"কেবল তাই নয়, শুক্রবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের সড়কপথে বিএনপির স্থাপিত তোরণ ও ব্যানার পুলিশ খুলে নিয়ে গেছে।"
ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কপথে তোরণ ভাঙার পাশাপাশি বিএনপি বিভিন্ন নেতা-কর্মীর ওপর সরকার সমর্থকরা হামলা চালায় বলেও অভিযোগ করেন ফখরুল।
রাজধানীর বদরুন্নেসা কলেজে ছাত্রদলের মিছিলেও শনিবার সরকারি দলের কর্মীরা হামলা চালায় বলে দাবি করেন তিনি।
"সরকারকে গণতন্ত্রী হওয়ার আহ্বান জানাচ্ছি। নইলে আগামীতে এ ধরনের আচরণের জন্য দেশের মানুষ সমুচিত জবাব দেবে", বলেন ফখরু।
সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24