২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণে সেই রাতের জগন্নাথ হল

পড়ার টেবিলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্ররা। কেউ কেউ ঘুমানোরও প্রস্তুতি নিচ্ছিলেন। কেউবা ছিলেন মুক্তিযুদ্ধে যাওয়ার গোপন প্রস্তুতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 08:12 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পড়ার টেবিলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্ররা। কেউ কেউ ঘুমানোরও প্রস্তুতি নিচ্ছিলেন। কেউবা ছিলেন মুক্তিযুদ্ধে যাওয়ার গোপন প্রস্তুতিতে। রাত পৌনে ১২টা বাজতেই জগন্নাথ হলের ছাদ থেকে এক পাকিস্তানি সেনা কর্মকর্তা ঘোষণা দেন অপারেশন সার্চলাইটের। শুক্রবার রাতে এভাবেই জগন্নাথ হল পরিবার আয়োজিত একাত্তরের কালরাত্রি স্মরণানুষ্ঠানে সেই ভয়াল রাতকে ফুটিয়ে তোলা হয় নাটকের মাধ্যমে। অপারেশন সার্চলাইটের ঘোষণার পরপরই পাকিস্তানি সেনারা ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞে। জগন্নাথ হলের কক্ষে কক্ষে গিয়ে হত্যা করা হয় অপ্রস্তুত বিহ্বল ছাত্রদের। নৃশংস হত্যার শিকার হন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহঠাকুরতাও। মূহূর্তের মধ্যে রাতের নিস্তব্ধ পরিবেশ অশান্ত হয়ে ওঠে। বুলেটের গর্জনে ওড়াউড়ি শুরু করে বিশ্ববিদ্যালয় এলাকার গাছে ঘুমন্ত পাখিরাও। কিছুক্ষণ পর নেমে আসে কবরের নিস্তব্ধতা। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী আর সুধীজনেরা ফিরে যান ভয়ঙ্কর সেই সময়ে, যখন পাক বাহিনী এ দেশের মুক্তিকামী মানুষের ওপর নৃশংস গণহত্যা চালিয়েছিল। এ নাটকের মঞ্চ ছিল জগন্নাথ হলের গোবিন্দ চন্দ্র দেব ভবন আর হলের মাঠ। নাটক শেষে উপস্থিত সবাই সেই ভয়াল রাতটির স্মরণ করেন মোমবাতি জ্বালিয়ে। এর মধ্য দিয়ে সেই রাতের কাপুরুষোচিত নিষ্ঠুর হত্যাযজ্ঞের প্রতিবাদও জানানো হয়। এর আগে গণহত্যার সময়ের আদলে উপস্থাপন করা হয় পুরো জগন্নাথ হলকে। সন্ধ্যা ৬টা থেকে ইনস্টলেশনের (২৫ মার্চ কালরাত্রির ভার্চুয়াল স্থাপত্যচিত্র) মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সেই ভয়াল রাতের চিত্র। জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভের পেছনে আর গণকবরের পাশে নির্মাণ করা হয় প্রতীকী বধ্যভূমি। মাঠ, হল ও বাগানে পড়ে থাকা লাশগুলো দেখে উপস্থিত সবার চোখে পানি এসে যায়। আলোচনা পর্বে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, অন্ধকারের কালো শক্তিকে আমরা ঘৃণা জানাই। শুধু পাকিস্তানি বাহিনীই নয়, তাদের এ দেশীয় দোসররাও অংশ নিয়েছিল এ হত্যাযজ্ঞে। "শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এদেশে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে," বলেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। রাত সাড়ে ৮টায় কথা আবৃত্তি চর্চা কেন্দ্র উপস্থাপন করে সৈয়দ শামসুল হক রচিত শ্র"তি নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। রাত সাড়ে ১২টায় স্মরণানুষ্ঠানকে সাজানো হয় আলোচনা সভা, কবিতা আবৃত্তি আর মুক্তিযুদ্ধের গান দিয়ে। এ সময় আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান প্রমুখ। ঘাতক-দালাল নির্মূল কমিটি, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন রাতে আলোর মিছিলের আয়োজন করে। তাদের সেই মিছিল জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/প্রতিনিধি/ডিডি/জেকে/০২০৯ ঘ.