২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমর আলী ঘাটে একাত্তরের 'মৃত্যুকূপ'

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাছে ওমর আলী ঘাটে একাত্তরের 'মৃত্যুকূপ' খুঁড়ে দেহাবশেষ খোঁজা শুরু হয়েছে। জানাচ্ছেন মিন্টু চৌধুরী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 07:55 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

মিন্টু চৌধুরী চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাছে ওমর আলী ঘাটে 'একাত্তরের মৃত্যুকূপ' খুঁড়ে দেহাবশেষ খোঁজা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনা বাহিনী চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড চালানোর পর এই স্থানে লাশ ফেলতো। ঘাটের পাশ দিয়ে বয়ে চলা পাথরঘাটা খালের জোয়ারের পানিতে লাশগুলো চলে যেত কর্ণফুলী নদীতে। ওমর আলী ঘাটের পাশেই লাল ইটের একটি একতলা ভবনে ছিল পাকিস্তানি বাহিনীর ক্যাম্প। এর পাশে তিন-চারটি গর্তে লাশ পুঁতে ফেলা হতো বলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত দলের নির্দেশে একাত্তরে পাকিস্তানি বাহিনীর তৈরি এই 'মৃত্যুকূপ' আবিষ্কারের কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় কোতয়ালি থানা পুলিশ ১৫ জন শ্রমিক নিয়ে খনন চালিয়ে যচ্ছে। একাত্তরের সেইসব ঘটনা নিজে চোখে দেখেছেন পাথরঘাটা খালের অপর পাড়ে মনোহরখালী জেলে পাড়ার বাসিন্দা দুলাল কান্তি দাস সর্দার। তার বয়স তখন ১৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুলাল বলেন, পাথরঘাটা ফিশারি ঘাট ও ওমর আলী ঘাটে পাকিস্তানি সেনাদের দুটি ক্যাম্প ছিল। একাত্তরের এপ্রিলের শেষ দিকে সেখানে ক্যাম্প বসানো হয়। "ভয়ে ক্যাম্পের ধারেকাছে কেউ ঘেঁষত না। খালের অন্য পাশ থেকেই দেখা যেতো- পাকিস্তানিরা গাড়িতে করে লাশ নিয়ে আসছে। ওমর আলী ঘাট আর কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হতো সেসব লাশ।" খালের পানিতে মানুষের রক্তের ধারা দুলালসহ স্থানীয় অনেক জেলেই দেখেছেন। তবে লাশগুলো কোথা থেকে আনা হতো, কারাই বা সেই হতভাগ্য নারী-পুরুষ, তা কোনোদিন জানতে পারেননি তারা। একই কথা জানালেন জেলে পাড়ার বাসিন্দা খেলারাম সর্দার (৬৬), রাজমোহন জলদাস (৬২) ও ওমর আলী ঘাট এলাকার বাসিন্দা দিদারুল আলম (৫৮)। রাজমোহন জলদাস সাংবাদিকদের বলেন, জেলে হওয়ায় তাদের ওপর পাক সেনারা আক্রমণ করতো না। বেশ কিছুদিন তারা রাতের বেলায় পাকিস্তানি সেনাদের গাড়িতে করে লাশ আনা ও ফেলে দিতে দৃশ্য দেখেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত দলের সদস্যরা একাত্তরে নির্যাতিত নারীদের নিয়ে কাজ করতে এসে এই মৃত্যুকূপের কথা জানতে পারেন। তিনি বলেন, "আমরা শুনেছি- এখানে শহরের বিভিন্ন এলাকা থেকে লাশ এনে ফেলতো। আবার অনেক লাশ আর্মি ক্যাম্পের পাশে তিন-চারটি গর্তে পুঁতে ফেলা হতো। বিষয়টি এতোদিন অজানা ছিল উল্লেখ করে রানা দাশগুপ্ত বলেন, "এখানে কোনো দেহাবশেষ পাওয়া গেলে তদন্ত নতুন মাত্রা পাবে। এ কারণেই ওই স্থানটি খুঁড়ে দেখা উচিত বলে মনে করেছেন তদন্ত দলের সদস্যরা।" ওই স্থানে হাড়গোড় না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- যে স্থানটিতে পাকিস্তানি সেনাক্যাম্প ছিল, তার পাশের ২০ ফুট এলাকায় মাটি কাটছে শ্রমিকরা। কোতয়ালি থানার উপ-পরিদর্শক কামারুজ্জামান এ কাজের তত্ত্বাবধান করছেন। শুক্রবার দুপুর পর্যন্ত ৬ ফুট গভীর পর্যন্ত মাটি খোঁড়া হয়। অন্তত ৩০ ফুট গভীর পর্যন্ত খুঁড়ে দেখা হবে। চট্টগ্রাম মহানগরীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একাত্তরে শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষের লাশ এনে অথবা ধরে এনে এখানে হত্যার পর এখানে ফেলে দেওয়া হতো।" দেশ স্বাধীন হওয়ার মাস দেড়েক আগে সেনাক্যাম্প দুটি গুটিয়ে নেওয়া হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জেকে/০১৪৬ ঘ.