২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনূস যা করাচ্ছেন তা দেশের জন্য অপমানজনক'

কোনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রী অবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ড. ইউনূস তার বন্ধুদের দিয়ে যা করাচ্ছেন তা দেশের জন্য অপমানজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রী অবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ড. ইউনূস তার বন্ধুদের দিয়ে যা করাচ্ছেন তা দেশের জন্য অপমানজনক। শুক্রবার রাতে চট্টগ্রাম চেম্বার আয়োজিত মাসব্যাপী বাণিজ্যমেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "ড. ইউনূস তার আন্তর্জাতিক বন্ধুদের দিয়ে যা করাচ্ছেন তা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাষ্ট্র ও জনগণের জন্য অপমানজনক।" পাট মন্ত্রী বলেন, "আমেরিকার সৃষ্ট পুঁজিবাদের প্রতি বিশ্বব্যাপী মানুষের যে মনোভাব- ক্ষুদ্রঋণের মাধ্যমে তাতে এক ছায়ার সৃষ্টি করেছেন ইউনূস। সে ছায়াকে রক্ষা করতেই ব্লেক সাহেব এতো কথা বলছেন।" যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইউনূসের সঙ্গে সরকারের সমঝোতা না হলে তা ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে। এ প্রসঙ্গেই ওই মন্তব্য করেন পাটমন্ত্রী। বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, "আমরা ইউনূস সাহেবকে অপছন্দ করি না। কিন্তু একজন নীতিবান মানুষ হলে তার কাছে অর্থনৈতিক সততার কোনো মূল্য থাকবে না? বয়স পার হওয়ার পর তিনি কেন দায়িত্বে থাকেন।" ড. ইঊনূস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হতে পারতেন উল্লেখ করে লতিফ সিদ্দিকী বলেন, "মেয়াদের পর তিনি ১২ বছর দায়িত্বে ছিলেন। চেয়ারম্যান থাকলে তাকে ১০০ বছর বয়স পর্যন্ত স্বাগত জানাতাম।" অর্থনৈতক মুক্তির বিরোধীতাকারী, লুণ্ঠনকারী ও ভিশন ২০২১ এর বিরোধীতাকারীরা যুদ্ধাপরাধীদের সঙ্গে একাট্টা হয়ে সরকারের বিরোধিতা করছে উল্লেখ করে পাটমন্ত্রী বলেন, "এবারের স্বাধীনতা দিবসের শপথ হোক চেতনার যুদ্ধে বিজয়ী হওয়ার শপথ।" একটি 'অর্ধ ভগ্ন' মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চাপের মুখোমুখি হতে হচ্ছে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, "টাকাই শুধু নয়, নানা রকম প্রলোভন আসে। তাই নিজের চারপাশে কঠিন বর্ম তৈরি করতে হয়েছে।" নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাংসদ এম এ লতিফ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম ও সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২২৩৪ ঘ.