হবিগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে ঝিটকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শেবুল মিয়া (৩০)।
এ ঘটনায় আফরোজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে ঝিটকা গ্রামের আনু মেম্বার ও শহীদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার বিকালে এলাকার দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলাকালে শেবুল মিয়া টেটাবিদ্ধ হন। হবিগঞ্জ সদর হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
সংঘর্ষে আহতদের মধ্যে হারিছ মিয়া ও এখলাছ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া জুয়েল মিয়া (২৫), রুবেল মিয়া (২৮), হাদিছ মিয়া (৩৪) ও শহীদ মিয়াকে (৩৮) পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
বানিয়াচং থানার ওসি জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের বিরোধের জের ধরে এ সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/২০১১ ঘ.
bdnews24