ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে ১/১১ এর নায়কসহ কুশীলবদের বিচার করবে বিএনপি।
শুক্রবার বিকালে রাজধানীতে স্বাধীনতা দিবসের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলের এ অবস্থানের কথা জানান।
মোশাররফ বলেন, ''১/১১ এর ফখরুদ্দীন-মইনরা অবৈধভাবে দুই বছর ক্ষমতায় থেকে দেশকে ২০ বছর পিছিয়ে দিয়ে গেছে। এই সরকার তাদের বিচার করতে চায় না। আমরা (বিএনপি) ক্ষমতায় গেলে অবশ্যই তাদের (ফখরুদ্দীন-মইন) বিচার করবো।''
বর্তমান সরকারকে 'স্বৈরাচারী' আখ্যায়িত করে তার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতিও আহ্বান জানান তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে দলের পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৯ টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণের কর্মসূচি রয়েছে।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে খন্দকার মোশাররফ দাবি করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ বিপন্ন। নতজানু পররাষ্ট্র নীতির কারণে সরকার প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। দ্রব্যমূল্যসহ নানা সমস্যায় মানুষের জীবন সংকটাপন্ন।
তিনি বলেন, এ অবস্থায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের প্রস্তুতির কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করা হবে।
মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে নেমেছে। তাহের হত্যা মামলার রিটের শুনানিতে বিদেশি সাংবাদিক লিফসুজকে এনে মিথ্যা সাক্ষ্য নিয়েছে।''
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, মশিউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের বাবলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24