নারায়ণগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের সৈয়দপুর আলামিননগর এলাকায় শুক্রবার সকালে এ ঘটনায় নিহত হন মো. দুদু মিয়া (৪৫)।
এতে জড়িত সন্দেহে পুলিশ দুদু মিয়ার ভাগ্নে ফারুক মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দুদুকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, কয়েকদিন আগে দুদুর সঙ্গে তার ভাগ্নে ফারুক মিয়ার কথা কাটাকাটি হয়। ঘটনার দিন সকালেও তাদেও মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জেরে তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহম্মদ আলী জানান, প্রচণ্ড মারধরের কারণেই দুদু মিয়ার মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.
bdnews24