ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিশ্ববিদ্যালয় এলাকায় শিশু একাডেমীর সামনে ছিনতাইকারীরা চালককে গুলি করে মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো.জাকির হোসেন (৩৫)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার বন্ধুকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলে করে ধানমণ্ডি থেকে পুরান ঢাকায় বাসায় ফিরছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলি জাকিরের বাম হাতে বিদ্ধ হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পূর্ব বাড্ডায় সিরাজ মিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মো. নাসিম (১৪) ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে গেছে।
নাসিমের বাবা সাইফুদ্দিন রাত ৯টার দিকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এসআই শামছুল হক জানান, নাসিমের মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২২০৭ ঘ.
bdnews24