চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শিশু আবদুল্লাহ আল মাশফি (১২) হত্যাকাণ্ডে গ্রেপ্তার সৎ মাকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম এইচ এম ফজলুল বারির আদালতে সৎ মা তাসফিয়া ছফা কুমুকুমকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
আদালত একদিনের হেফাজত মঞ্জুর করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারি কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। পরে সুবিধাজনক সময়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
মাশফি হত্যাকাণ্ডে সৎ মা কুমকুমকে বুধবার দুপুর ১২টার দিকে হালিশহর সিডিএ আবসিক এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বাড়ি থেকে মাশফির লাশ উদ্ধার করা হয়।
মাশফির বাবা আবদুল্লাহ আল মামুন রাঙ্গামাটি মহিলা কলেজের শিক্ষক। বুধবার বিকালে মামুন বাদী হয়ে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/২১৪৬ ঘ.
bdnews24