নেত্রকোনা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মদন উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করা খোলা বাজারে বিক্রির (ওএমএস) প্রায় দুহাজার বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
র্যাব সদস্যরা বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা জেলার মদন উপজেলা সদরে ৭টি গুদামে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে। এর সঙ্গে জড়িত অভিযোগে ওএমএস ডিলার ও স্থানীয় যুবলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মদন থানা পুলিশ জানায়, সরকার দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাল বিক্রির জন্য সারা দেশে ওএমএস কর্মসূচি চালু করে।
মদন উপজেলার ওএমএস ডিলার সাইদুর রহমান ও অপর ডিলার সানোয়ার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী যুবলীগ কর্মী আনোয়ার হোসেন সানু জেলা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে। কিন্তু তারা এই চাল দরিদ্রদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করে গুদামজাত করে।
গত মঙ্গলবার রাতে ৩৬০ বস্তা ওএমএস এর চাল মদন থেকে ট্রাকযোগে নেত্রকোনায় পাচার করা হচ্ছিলো। আটপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেলিগাতী বাজারে সেই চাল আটক করে। এ ঘটনায় ট্রাক চালক মিলন চন্দ্র বর্মন, তার সহকারী মনির উদ্দিন এবং টিপু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহ র্যাব-৯ এর কর্মকর্তা মেজর জাবেদ এর নেতৃত্বে একদল র্যাব সদস্য বৃহস্পতিবার বিকালে মদন পৌর এলাকায় জাহাঙ্গীরপুর বাজারে মহিউদ্দীন মার্কেটে সাইদুর রহমানের ৫টি গুদাম ও আনোয়ার হোসেনের দুটি গুদামে অভিযান চালায় এবং প্রায় দুহাজার বস্তা চাল উদ্ধার করে। এ সময় ডিলার সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা মেজর জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনিয়মের অভিযোগে সাতটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০৮ ঘ.
bdnews24