লন্ডন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা তথ্য দিয়ে ব্রিটিশ সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করায় এক বাংলাদেশি নারীকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে লন্ডনের আদালত।
ক্রাউন কোর্টে তিন দিন শুনানির পর গত সপ্তাহে এই রায় দেওয়া হয়।
আদালতে জানানো হয়, নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ক্রু শহরের বাসিন্দা লিখন বেগম (৩৯) স্বামীর সঙ্গে থাকেন না উল্লেখ করে ২০০২ থেকে ২০১০ পর্যন্ত সময়ে বিভিন্ন সুবিধা বাবদ ৭০ হাজর ২০১ পাউন্ড ৩৬ পেনি (বেনিফিট) আত্মাসাৎ করেন।
লিখন বেগম আদালতে জুরিদের বলেন, বাংলাদেশ থেকে ব্রিটেন আসার পর থেকেই তার স্বামী আর তার সঙ্গে থাকেন না। কিন্তু তার এক প্রতিবেশী আদালতে সাক্ষ্য দেন, লিখন ও তার স্বামী একসঙ্গেই বসবাস করেন।
বিচারক রায়ে বলেন, 'বেনিফিট' হলো জনগণের টাকা। যাদের প্রয়োজন বেশি, তাদের জন্যই এ অর্থ। তথ্য প্রমাণে দেখা যাচ্ছে লিখন বেগম স্বামীর সঙ্গে বসাবাস করেও অসৎভাবে এই সুবিধা নিয়েছেন।
সরকারি সুবিধা বাবদে লিখনের নেওয়া অর্থ আদায়ে আদালতে আবারো শুনানি হবে। আইনজীবীরা বলছেন, তার পারিবারিক বাসস্থান বিক্রি করে ওই অর্থ আদায় করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/জেকে/২১০৪ ঘ.
bdnews24