২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক পরিচালনানিরক্ষর নারী নিয়োগ ভালো উদ্দেশ্যে নয়: হানিফ

গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদে নয় নারী সদস্য নিরক্ষর- এ দাবি করে ক্ষমতাসীন দলের যুগ্ম মহাসচিব বলেছেন, পর্ষদে তাদের নিয়োগ ভালো উদ্দেশ্যে হতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদে নয় নারী সদস্য নিরক্ষর- এ দাবি করে ক্ষমতাসীন দলের যুগ্ম মহাসচিব বলেছেন, পর্ষদে তাদের নিয়োগ ভালো উদ্দেশ্যে হতে পারে না। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্যদে ইউনূস বাদে সকলেই নিরক্ষর দাবি করে যুগ্ম মহাসচিব হানিফ বলেছেন, যে নয়জন মহিলা পরিচালনা পরিষদের দায়িত্বে আছেন তারা হিসাব-নিকাশ জানে কি না আমার সন্দেহ আছে। তাদের পরিচালনা পরিষদে নিয়োগ দেওয়া কোনো ভালো উদ্দেশ্যে হতে পারে না। ইউনূস যদি এখন হার্ট অ্যাটাক করে মারা যান তাহলে কীভাবে ব্যাংক চলবে?- এ প্রশ্ন তুলে হানিফ বলে, তাই বাংলাদেশ ব্যাংক নিয়মতান্ত্রিকভাবে সঠিক সময়েই তাকে অব্যহতি দিয়েছে। বৃহস্পতিবার এক আলোচনা সভায় এ সব কথা বলেন হানিফ। "মুনাফা অর্জনের জন্য ইউনূস আমাদের সারাবিশ্বে একটি ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত করেছেন। আমি তাকে ধিক্কার জানাই।" বিয়াম মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন হানিফ। ইউনূসের প্রতি তার দলের কোনো বিরূপ মনোভাব নেই জানিয়ে হানিফ বলেন, তিনি কৃতি সন্তান হয়েও কর ফাঁকি দেওয়ার জন্য কেন তহবিল স্থানান্তর করেছেন? কর ফাঁকি দিলে জেল-জরিমানা হয় তা তো তিনি জানেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইউনূসের অব্যাহতি বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রসঙ্গে হানিফ বলেন, গ্রামীণ ব্যাংক ৩৭-৪০ শতাংশ সুদ নেয়। "এ জন্য পশ্চিমারা তাদের পুঁজিবাদী স্বার্থকে বড় করে দেখে ইউনূসকে রক্ষায় মরিয়া হয়ে উঠছে।" যুক্তরাষ্ট্রের একজন নোবেলবিজয়ীকে সে দেশের সরকার কারাদণ্ড দিয়েছিল জানিয়ে হানিফ বলেন, একজন নোবেল বিজয়ীর মান রক্ষার জন্য তখন আপনারা কথা বলেননি কেন। ইউনূস বিষয়ে জনগণকে সরকার ও আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান না নিতে অনুরোধ করেন হানিফ। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্য দেওয়া শুরু করলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের চিত্রগ্রাহকদের মঞ্চ থেকে নেমে দাঁড়াতে বলেন কয়েকজন চিকিৎসক। পরে টেলিভিশনের সাংবাদিকরা আশরাফুলের বক্তব্যের সময় ডায়াস থেকে টেলিভিশনের মাইক্রোফোন তুলে নিয়ে আসেন। এ সময় আশরাফুল বিব্রতকর পরিস্থিতির মধ্যেই বক্তব্য চালিয়ে যান। পরে বক্তব্য সংক্ষেপ করে মঞ্চ থেকে নেমে যান আশরাফুলসহ অন্যান্য অতিথিরা। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাচিপের সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান ও বেসরকারি মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান ভূইয়া বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮৩১ ঘ.