ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা পদক পাওয়ায় পুলিশের মনোবল বাড়বে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরির্দশক (আইজি) হাসান মাহমুদ খোন্দকার।
রাজারবাগ পুলিশ লাইনে স্বাধীনতা যুদ্ধে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
মহাপরির্দশক বলেন, "স্বাধীনতা যুদ্ধে পুলিশের অবদান অবিস্মরণীয়। আজকের এই বাংলাদেশ তাদের আত্মত্যাগেরই ফসল। এই পুরস্কারপ্রাপ্তির (স্বাধীনতা পদক) পর পুলিশের মনোবল বৃদ্ধি পাবে। কাজে উৎসাহ বাড়বে।"
সাতজন ব্যক্তির পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুলিশ বাহিনীর পক্ষে পদক গ্রহণ করেন হাসান মাহমুদ খন্দকার।
রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধের নামফলকের তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধে পুলিশের ৭৫১ জন সদস্য শহীদ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএ/জেকে/১৮৩৭ ঘ.
bdnews24