২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে ২৭ মাসে ১৩৬ বাংলাদেশি হত্যা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত ২৭ মাসে ১৩৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ভারত সরকার এ ধরনের হত্যায় জড়িতদের শাস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত ২৭ মাসে ১৩৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ভারত সরকার এ ধরনের হত্যায় জড়িতদের শাস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে নিলুফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে গত মার্চ পর্যন্ত বিএসএফের গুলিতে ১৩৬ জন (২০০৯ এ ৬৭ জন, ২০১০ এ ৬০ জন ও চলতি বছর ১৪ মার্চ পর্যন্ত ৯ জন) বাংলাদেশি নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। সাহারা খাতুন বলেন, "৮ থেকে ১৩ মার্চ নয়াদিল্লীতে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিএসএফ ঝুঁকিপূর্ণ সীমান্তে পরীক্ষামূলকভাবে রাবার বুলেটের মতো নন লেথাল উইপন (প্রাণঘাতি নয়- এমন অস্ত্র) ব্যবহারের প্রতিশ্র"তি দিয়েছে। ভারত সরকার ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে বিএসএফ সদস্যদের মধ্যে রাবার বুলেট সরবরাহও করছে।" বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের সংখ্যা কমে এসেছে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "এ সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে উভয় দেশ কাজ করছে।" বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বিভিন্ন পর্যায়ের সম্মেলন ও পতাকা বৈঠকের কথা তুলে ধরে সাহারা খাতুন জানান, গত ১৮-১৯ জানুয়ারি স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। ভারতীয় পক্ষ থেকে আশ্বস্ত করা হয়- সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভারত সরকার সীমান্তে নিরীহ মানুষ হত্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শাস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানায় রক্ষিত অস্ত্র গোলাবারুদ এবং কর্মকর্তাদের বাসার আসবাবপত্র, সোনার গহনাসহ আর্থিক ক্ষতির পরিমাণ ১৪ কোটি টাকা। মেহের আফরোজ চুমকির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ২ হাজার ৪৯৩ জন নারী পুলিশ বিভাগে নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে ১৪ জন এসআই এবং ২ হাজার ৪৭৯ জন কনস্টেবল। মোহাম্মদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাধীনতার পর ১৯৮৩, ১৯৯২, ১৯৯৭ ও ২০০০ সালে চারটি কারা সংস্কার কমিটি হয়। এসব কমিটির ৬৭টি প্রস্তাব এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুলিশ বিভাগের জন্য ৮৭৫টি পিকআপ ও ২ হাজার ৯৯০টি মোটর সাইকেল কেনার একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে চলতি অর্থ বছরের বরাদ্দ থেকে ২১৪টি পিকআপ কেনা হবে। মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থ বছরে খরা মওসুমে দেশে ৫ হাজার ৩৮২টি অগ্নিকাণ্ড ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮২৬ ঘ.