ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফারুক হত্যা মামলার আসামি মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামিন আবেদন করলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জামিনের পক্ষে ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বিপক্ষে রায় দেন।
এ অবস্থায় আবেদনটি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
২০১০ সালের ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হত্যার ঘটনায় করা মামলায় এই শীর্ষ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার দেখানো হয় একই বছরের ৩০ জুন। তারা যথাক্রমে জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল ও নায়েবে আমির।
হত্যার ঘটনায় রাজশাহীর মতিহার থানায় ৩৬ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলা করা হয় ৯ ফেব্র"য়ারি।
জামিন আবেদনে বৃহস্পতিবার আব্দুর রাজ্জাক বলেন, "এই মামলায় অভিযোগপত্র হয়নি, এজাহারে তাদের নাম ছিলো না। এ ছাড়া এজাহারে উল্লেখিত অন্য আসামিরা জামিনে রয়েছেন।"
পরে বিচারপতি মইনুল ইসলাম তাদের জামিনের পক্ষে আদেশ দেন।
তবে জামিন নাকচ করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। এর পক্ষে তিনি যুক্তি দিয়ে বলেন, "এটি একটি স্পর্শকাতর মামলা। এখনো ওই মামলার তদন্ত চলছে। এই পর্যায়ে আমি জামিন দিতে পারি না।"
জামায়াত নেতাদের পক্ষের অপর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০১০ সালের ৯ ফেব্র"য়ারি ছাত্রলীগ নেতা ফারুক হত্যার ঘটনায় রাজশাহীর মতিহার থানায় ৩৬ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলা করা হয়। পরে ওই বছরের ৩০ জুন একই মামলায় এই শীর্ষ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার দেখানো হয়।"
"আসামিপক্ষ জামিন আবেদন করলে ওই বছরের ২৬ অগাস্ট হাইকোর্ট জামিন না দেওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করে।"
জামায়াতের এই তিন নেতা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এলএন/এএল/কেএমএস/পিডি/১৮২৬ ঘ.
bdnews24