২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার 'কবে শুরু, তা আগাম বলা সমীচীন নয়'

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দ্রুত শুরু হচ্ছে বলে সরকারের বিভিন্ন মন্ত্রীরা বলে এলেও এর সুনির্দিষ্ট তারিখ বলতে অনীহা প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম বলেছেন, এ বিষয়ে আগাম মন্তব্য করা সমীচীন নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দ্রুত শুরু হচ্ছে বলে সরকারের বিভিন্ন মন্ত্রীরা বলে এলেও এর সুনির্দিষ্ট তারিখ বলতে অনীহা প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম বলেছেন, এ বিষয়ে আগাম মন্তব্য করা সমীচীন নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের এক বছরের কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহিনুর। তিনি বলেন, "অভিযোগপত্র প্রস্তুত ও দাখিল করার পর ট্রাইব্যুনাল শুনানি করবে। মামলার অপরাধ আমলযোগ্য হলে বিচার শুরুর বিধান রয়েছে।" "কাজেই বিচার শুরুর বিষয়ে আগাম মন্তব্য করার কোনো অবকাশ নেই এবং তা সমীচীনও নয়",বলেন তিনি। শাহিনুর এ কথা বলার পরই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে দেওয়া এক স্মারকলিপিতে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' বিচার শুরুতে দেরি নিয়ে অসন্তোষের কথা জানায়। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করে। এরপর বিভিন্ন স্থানে তদন্ত চালায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গ্রেপ্তার করা হয় জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ জন নেতা এবং বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। এক বছরের অর্জন সম্পর্কে শাহিনুর বলেন, "১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ কার্যকর এবং যথাযথ তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত ছয় জন কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো প্রাক বিচার বা তদন্ত পর্যায়ে রয়েছে।" একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হবে বলে জানান তিনি। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বলেন, "আইসিসিপিআরের মানবাধিকারের চিরন্তন ঘোষণা (ইউনিভার্সেল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 'ফেয়ার ট্রায়াল ম্যানুয়ালের' সঙ্গে তুলনা করলেই বোঝা যাবে, ১৯৭৩ সালের আইন ও বিধিমালা আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।" তিনি বলেন, ১৯৭৩ সালের আইনের ৬ (২) ধারায় স্পষ্ট বিধান রয়েছে যে, ট্রাইব্যুনাল স্বতন্ত্র। এটি নিরপেক্ষভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে এবং স্বচ্ছ বিচার নিশ্চিত করবে। ১৯৭৩ এর আইনে কিছু সংশোধনের পরই তার আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫০০ ঘ.