ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিবাহিনীকে সহায়তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার জন্য ভারত, ভুটান ও রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ সব দেশের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
ভারত, ভুটান ও রাশিয়ার নাম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে যারা একাত্তরে মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলো, তাদের প্রতি আমার শুভেচ্ছা।"
স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে হাসিনা বলেন, ২৫ মার্চ রাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু তৎকালীন ইপিআর'র ওয়ারলেসে স্বাধীনতার ঘোষণা দেন। যা পরবর্তীতে প্রতিটি জেলায় মাইকিং করে প্রচার করা হয়।
"জাতির পিতা ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণেই পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বলেছিলেন- এ দেশের ৭ কোটি মানুষকে দাবিয়ে রাখা যাবে না।"
বঙ্গবন্ধুকন্যা হাসিনা বলেন, "৭ মার্চ থেকেই এ অঞ্চলের শাসনভার নির্বাচিত প্রতিনিধিদের হাতে অর্পিত হয়। ৩২ নম্বরের ওই বাড়ি থেকে জাতির পিতার নির্দেশই দেশ চলতো।"
বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, "অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে আমার বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।"
জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যে সব পদক্ষেপ নিয়েছিলো, ২০০১ সালে সরকার গঠন করতে না পারায় তা বাধাগ্রস্ত হয়েছে বলে জানান শেখ হাসিনা।
"ওই সময় (বিএনপি-জামায়াত জোটের সময়) বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৩০০ মেগাওয়াট থেকে পরে ৩ হাজার ১০০ মেগাওয়াটে নেমে এসেছিলো", বলেন হাসিনা।
বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশি দামে জিনিস এনে কম দামে বিক্রি করছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএন/এমআই/১৪১৪ ঘ.
bdnews24