ভোলা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় মঙ্গলবার রাতে পুলিশ হেফাজত থেকে দুই আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওই সময় হামলাকারীরা মামলার বাদী রসুলপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হারুনকে পিটিয়ে গুরুতর আহত করে।
বুধবার সকালে তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে হারুনকে উত্তর চর আইচা বাজারে প্রতিপক্ষের লোকজন মারধর করে।
মঙ্গলবার হারুন আরেক চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মিন্টুসহ ৪৭ জনের বিরুদ্ধে থানায় মামলা (নম্বর ২৫, তারিখ- ২২/০৩/১১) করেন।
হারুন অভিযোগ করেন, মঙ্গলবার রাত ২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের পুলিশ মামলার আসামি আলমগীর গাজি ও হুমায়ুনকে গ্রেপ্তার করে। সঙ্গে ছিলেন বাদী হারুন।
আসামিকে নিয়ে যাওয়ার সময় পথে চরকলমীর মোড়ে হাসান মিন্টু ২৫/৩০ জন লোক নিয়ে পুলিশের হাত থেকে দু'আসামিকে ছিনিয়ে নেন।
এ সময় পুলিশ তাদের গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলেও বাদী হারুন যেতে পারেননি।
একা পেয়ে হামলাকারীরা হারুনকে মারধর করে গুরুতর জখম করে।
এ ব্যাপারে হাসান মিন্টু তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের কয়েকবার চেষ্টা করে চরফ্যাশন থানার ওসি নাসির উদ্দিন মল্লিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সন্ধ্যায় ভোলার পুলিশ সুপারিনটেনেডন্ট বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না।
বিষয়টির ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তিনি লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টকে (এএসপি) বলছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24