২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুসলিম উম্মাহর সংহতির জন্য সৌদি আরবে স্থিতিশীলতা অপরিহার্য'

সৌদি আরব সফররত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির জন্য সেদেশে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সৌদি আরব সফররত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির জন্য সেদেশে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। বুধবার রিয়াদে প্রিন্সেস নুরা বিনতে আবদুর রহমান মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে এক শিক্ষার্থী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ খবর জানিয়েছেন। শিক্ষার্থী সমাবেশে আরব বিশ্বের বিভিন্ন দেশে সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের কথা উল্লেখ করে খালেদা জিয়া সউদি আরবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেদেশের তরুণ সমাজের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজীজের গতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মুসলিম উম্মাহর ঐক্য, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অক্ষুন্ন রাখতে সউদিআরব যথাযথ পদক্ষেপ নেবে। বিএনপি চেয়ারপারসন সৌদি আরবের এই মহিলা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে সেদেশের সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, ''মুসলিম বিশ্বের তীর্থস্থান সউদি আরব আমাদের ঈমান-আকিদার কেন্দ্রস্থল। এখানে নারী শিক্ষারও প্রসার ঘটেছে। এ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির মাধ্যমে বাংলাদেশী ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে বলে আমি আশা করি।'' ই-মেইল বার্তায় প্রেস সচিব মারুফ কামাল আরো জানান, বিএনপি চেয়ারপারসন বুধবার সকালে প্রিন্সেস নুরা বিনতে আবদুর রহমান মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রিন্সেস আল-জওহারা বিনতে ফাহাদ। বিরোধী দলীয় নেতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের ৬০টি অনুষদ ও বিভাগের প্রধানরা বিরোধী দলীয় নেতাকে শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলে প্রেস সচিব জানান। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর খালেদার সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি খালেদা দেশের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেন। অনুষ্ঠানে খালেদা জিয়াকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। এদিকে বাদশাহ ফয়সল বিন আবদুল আজিজ বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব। বৃহস্পতিবার খালেদা সৌদি আরবের প্রাচীন রাজধানী আল-দারিইয়া পরিদর্শনে যাবেন বলে ওই ই-মেইল বার্তায় বলা হয়। গত ২০ মার্চ চিকিৎসার জন্য খালেদা জিয়া সৌদি আরব যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩০ঘ.