২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ওসির বিরুদ্ধে মামলা

ঘুষ নেওয়ার অভিযোগে জামালপুরের ইসলামপুর থানার ওসিসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

জামালপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে জামালপুরের ইসলামপুর থানার ওসিসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার জামালপুর দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা সদরের ঔষধ ব্যবসায়ী রৌশন জাহান আছমা বেগম। বিচারক রাশেদ তালুকদার বিষয়টি তদন্ত করে ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন বলে বাদীর আইনজীবী জানিয়েছেন। আসামিদের মধ্যে রয়েছেন- ইসলামপুর থানার ওসি রমজান হোসেন, উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, প্যাথলজি ব্যবসায়ী আব্দুল লতিফ, খন্দকার নুরুল ইসলাম। বাকিরা হলেন ব্যবসায়ীদের আত্মীয়। তাদের নাম জানা যায়নি। বাদীর আইনজীবী সামছুল হক মামলার বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, ইসলামপুর থানা মোড়ের টুম্পা ঔষধালয়ের মালিক রৌশন জাহান আছমা বেগমের সঙ্গে পাশের প্যাথলজি ব্যবসায়ী আব্দুল লতিফ ও খন্দকার নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্রে গত ৬ মার্চ সন্ধ্যায় থানার ওসি রমজান হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ পুলিশ নিয়ে আছমাসহ সবাইকে তার দোকান থেকে বের করে তা সিলগালা করে দেন। ওই সময় তারা আছমাকে মারধর করে থানায় আটক রাখা হয়। ভয় দেখিয়ে ওসি তার কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়েছেন। এ ব্যাপারে ওসি রমজান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আছমা বেগমের স্বামী মনিরুজ্জামান ২/৩ মাস আগে ঘরসহ ওই জমিটি বিক্রি করেন আব্দুল লতিফ ও খন্দকার নুরুল ইসলামের কাছে। এরপর তাদের কাছ থেকে ভাড়া নেন দোকান ঘরটি। পরে তিনি একই জমি আবার তার স্ত্রীর নামেও লিখে দেন। এ নিয়ে এলাকার পরিস্থিতি খারাপ হলে ইউএনও'র মৌখিক নির্দেশে দোকনটি বন্ধ করে দেওয়া হয়। আছমা বেগমকে মারধর ও টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, থানার ওসি ফোর্স নিয়ে দোকানে যাবার পর তিনি ঘটনাস্থলে যান। কালাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৫ ঘ.