সিলেট, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে দু'পক্ষে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
বুধবার বিকালে পাওয়ার বাইকের (ব্যাটারিচালিত যান) ভাড়া আদায়কে কেন্দ্র করে উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর এলাকায় এ সংঘর্ষ হয়।
নিহত কবির আহমদ (২০) সিকন্দরপুর মাইজগাঁও গ্রামের আলাল মিয়ার ছেলে।
সংঘর্ষে আহতরা হলেন- কবিরের বাবা আলাল মিয়া (৭০), চাচা ইলিয়াছ মিয়া (৬০), ভাই নুরুদ্দিন (২৫) ও মইনুদ্দিন (৩০) এবং অপর পক্ষের ছুপান মিয়া (২০), মুক্তার মিয়া (২৭), আব্দুল হামিদ (৪৫), আব্দুল মুক্তার (২৫), আব্দুল হক (২০) ও আব্দুর রফিক (৩০)।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে কবির পাওয়ার বাইকে চড়ে গোয়ালাবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নেমে ভাড়া হিসাবে ১০টাকা দেয়। তবে চালক শফিক ভাড়া নিতে অস্বীকৃতি জানিয়ে ১৫টাকা টাকা দাবি করে। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
দুপুরে কবির বাড়ি ফেরার পথে শফিকের পক্ষের লোকজন তার উপর হামলা চালায়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কবিরসহ উভয়পক্ষের ১১ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্ত্তী জানান, মাত্র পাঁচটাকা ভাড়া নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৫ ঘ.
bdnews24