২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ বছরের মধ্যে সমুদ্রসীমা মীমাংসা হবে: দীপু মনি

দুই বছরের মধ্যে বাংলাদেশের সমুদ্রসীমার বিষয়টি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মীমাংসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছরের মধ্যে বাংলাদেশের সমুদ্রসীমার বিষয়টি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মীমাংসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। স্বাধীনতার ৪০ বছরপূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু ও স্বাধীনতা: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বুধবার তিনি এ কথা জানান। দীপু মনি বলেন, "স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়নের আগেই তাকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকেও গলা টিপে হত্যা করা হয়।" তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রের নিচের খনিজ পদার্থ উত্তোলনের জন্য বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে যা অতীতের কোন সরকার করেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সকালে জহির রায়হান মিলনায়তনের সেমিনারটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সাড়ে ৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, যার ফলে জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে। শুধু স্বাধীনতার মাসে নয় বরং প্রতিদিন প্রতি মুহুর্তে আমাদের স্বাধীনতার জন্য যাদের অবদান রয়েছে তাদের স্মরণ করতে হবে।" জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের উপাচার্য ড. শরীফ এনামুল কবীরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানটি হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুস্তফা নূর-উল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৫৪ ঘ.