২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জলবায়ু ফান্ড থেকে এনজিওকে এখনো অর্থ বরাদ্দ হয়নি'

পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে কোনো এনজিওকে এখনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে কোনো এনজিওকে এখনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, অর্থ বরাদ্দের জন্য ৫৩টি এনজিওকে নীতিগত অনুমোদন দেওয়া হলেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড সংক্রান্ত এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী। বুধবার একটি বাংলা দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, ৫৩টি এনজিও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২১ কোটি ৩৪ লাখ টাকা পেতে যাচ্ছে। হাছান মাহমুদ বলেন, কারিগরি কমিটি এ এনজিওগুলোকে নীতিগত অনুমোদন দিয়েছে। এদের এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত পূর্ণমূল্যায়ন করা হবে। "ট্রাস্ট ফান্ড থেকে ৪৮টি প্রকল্পে ৫৪৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখনো ২০০ কোটি টাকা রয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই এ টাকা বরাদ্দ দেওয়া হবে।" জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এক দশমিক দুই শতাংশ এনজিওর জন্য বরাদ্দ দেওয়া হবে বলে জানান হাছান মাহমুদ। চার হাজার এনজিও ফান্ডের জন্য আবেদন করেছে- এ কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এদের বেশিরভাগেরই অভিজ্ঞতা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮০৭ ঘ.