২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী: আপিল আবেদনের শুনানি শুরু

পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের অংশ বিশেষ প্রত্যাহারে সরকারের আবেদনের শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের অংশ বিশেষ প্রত্যাহারে সরকারের আবেদনের শুনানি শুরু হয়েছে। বুধবার আপিল বিভাগে এর শুনানিতে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার প্রাথমিক বক্তব্যের পর শুনানি আগামী ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হলেও সেই আমলে করা কিছু ভালো কাজকে অবৈধ ঘোষণা না করে মার্জনা করা হয়। এ বিষয়ে শুনানিতে কথা বলেন মাহবুবে আলম। তিনি বলেন, সংবিধানের ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকালীন অবস্থা নিয়ে সুপ্রিম কোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছিলো। সংবিধান তৈরির আগের সময়টিই কেবল ক্রান্তিকালীন অবস্থা। পরে ক্রান্তিকালীন অবস্থার কথা বলে সামরিক শাসনকে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। "আমরা হাইকোর্টের রায়টিকেই যথার্থ বলে মনে করছি।" পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় পর্যালোচনায় গত ১৪ মার্চ সরকার আপিলের আবেদন করে। মুন সিনেমা হলের মালিকানা দাবি করে বাংলাদেশ ইতালিয়ান মার্চেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের একটি রিট আবেদনে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ অগাস্ট সিনেমা হলটির মালিকানা ফেরত দেওয়ার নির্দেশ দেয় এবং সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেওয়া এ রায়ের বিরুদ্ধে ওইদিনই তৎকালীন অ্যাটর্নি জেনারেল আপিল করেন। গত বছরের ৩ জানুয়ারি সরকারের এক আবেদনে আপিল বিভাগ ওই আবেদন প্রত্যাহার করার অনুমতি দেয়। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতপন্থি তিন আইনজীবী এতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। শুনানি শেষে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছরের ২ ফেব্র"য়ারি আবেদনগুলো খারিজ করে দেয়। এ রায়ের পর সংবিধান নতুন করে মুদ্রণের উদ্যোগ নেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২০০ ঘ.