আগরতলা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরায় সোমবার রাতে চার বাংলাদেশি যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদের মধ্যে আগরতলা শহরের একটি হোটেল থেকে নোমান বিন সাঈদ রাসেল নামের একজনকে ১ লাখ ৩৬ হাজার টাকা ও ১২ হাজার ভারতীয় রুপি, একটি ল্যাপটপ ও ভিসিাবিহীন বাংলাদেশি পাসপোর্টসহ গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া পশ্চিম আগরতলার নন্দীপাড়া গ্রামের খোয়াই এলাকা থেকে সুধির সরকার, শিব সরকার ও ফারুক মিয়া নামের চারজনকে আটক করে বিএসএফ।
পশ্চিম আগরতলা থানার ওসি মানিন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নোমান ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতের প্রবেশ করেছে। পুলিশকে সে জানিয়েছে, ত্রিপুরা অঞ্চল ভ্রমণের জন্য এক দালালকে টাকা দিয়ে সীমান্ত অতিক্রম করেছে সে। ওই ব্যাক্তি তাকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা বলে প্রতারণা করে।"
এছাড়া নন্দীপাড়ার খোয়াই থেকে আটক সুধির, শিব ও ফারুক- কারো কাছেই প্রয়োজনীয় কাগজপত্র ছিলো না বলে জানিয়েছে বিএসএফ।
এদের মধ্যে সুধির ও ফারুক চোরাচালানের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। আটক করার সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ভোটার পরিচয়পত্রসহ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এর আগে গত ১৫ অগাস্ট আগরতলা বিমানবন্দরে পাসপোর্ট না থাকায় চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২২১৭ ঘ.
bdnews24