লালমনিরহাট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সরবরাহের দাবিতে লালমনিরহাটে রংপুর-লালমনিরহাট মহাসড়ক চারঘণ্টা অবরোধ করেছে আলু চাষিরা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলার তিনশ'রও বেশি চাষি মহেন্দ্রনগর এলাকায় টোটাল অ্যাগ্রো হিমাগারের সামনে এই অবরোধ ও বিক্ষোভ করে।
এ সময় মহসড়কের উভয়পাশে যানযটের সৃষ্টি হয়। পরে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আলু চাষিরা।
আলুচাষি শাহাবুদ্দিন ও আমজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাষিরা ওই হিমাগারে ৫০ হাজার বস্তা আলু রাখে। মালিকপক্ষ বিদ্যুতের আশ্বাস দিলেও দীর্ঘ এক মাসেও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি। এতে হিমাগারে রাখা আলুতে পচন ধরেছে। আবার নতুন আলু রাখাও যাচ্ছে না।
টোটাল অ্যাগ্রো হিমাগারের প্রধান মো. নুরুল ইসলাম বলেন, তারা বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জমা দেওয়ার পরও বিদ্যুৎ পাচ্ছেন না।
লালমনিরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, পরিদর্শন প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার সংযোগ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪১ ঘ.
bdnews24