২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ নিরাপত্তা দলের শতাধিক সদস্য অসুস্থ

বিশ্বকাপ ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলাবাহিনীর প্রায় শতাধিক সদস্য খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলাবাহিনীর প্রায় শতাধিক সদস্য খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশের প্রটেকশন বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার আবুল ফয়েজ জানান, শেরাটন হোটেল, মিরপুর স্টেডিয়ামসহ বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে থাকা এই পুলিশ এবং র‌্যাব সদস্যরা দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আবুল ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিসিবির নির্ধারিত ঠিকাদারের সরবরাহকরা খাবারে বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) এরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। "মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে কয়েকজন বমি করা শুরু করে। তারা এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।" রাজারবাগ পুলিশ হাসপাতালের সেবিকা শাহানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, এ পুলিশ হাসপাতালে ৬০ জনের মতো পুলিশ সদস্য ভর্তি হয়েছেন। অসুস্থতার ধরণ জানতে চাইলে তিনি বলেন, খাবারে বিষক্রিয়া হলে যে ধরনের লক্ষণ দেখা যায় তাদেরও সে ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দমকলকর্মীর চারজন সদস্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভতি হন। তারা হলেন- স্টেশন মাস্টার আমজাদ হোসেন (৪০), সাইদুল হক (২৩), মামুন (২৪) ও সালাম (৩০)। আমজাদ হোসেন ঢামেক হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি ও তার অন্য দমকলকর্মী হোটেল শেরাটনের সামনে কর্তব্যরত ছিলেন। দুপুরে তাদের প্যাকেটে করে মোরগ পোলাও খেতে দেওয়া হয়। খাওয়ার পর থেকে তিনিসহ অন্য সদস্যরা পেটের পীড়াসহ অন্যান্য সমস্যায় ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএ/পিডি/২০০২ ঘ.