ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে তিন সচিবের দপ্তর বদল করেছে সরকার। এছাড়া দুই যুগ্ম-সচিব ও ছয় উপসচিব পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
এদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আতাহারুল ইসলামকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া শ্রম মন্ত্রণালয়ের সচিব নূরুল হককে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নাজমুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রইস উল আলম মণ্ডলকে সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।
উপসচিব পদে রংপুর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আবুল কালাম আজাদকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব একেএম মনওয়ার হোসেন আকন্দকে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের (সিডিএমপি) উপ-প্রকল্প পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাইয়ুমকে বিনিয়োগ বোর্ডের পরিচালক, দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের সদস্য জাহাঙ্গীর আলমকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়।
ওএসডি উপসচিব মাকসুরা নুরকে দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের সদস্য এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত তারিকুল আলমকে টিসিবির প্রধান কর্মকর্তা ও এজেডএম আব্দুল্লাহেল বাকীকে 'স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের উপ-পরিচালক (প্রকিউরমেন্ট, অর্থ ও প্রশাসন) পদে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/১৯২২ ঘ.
bdnews24