২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রমিক রপ্তানিতে লিবিয়া প্রত্যাগতরা প্রাধান্য পাবে'

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে লিবিয়া ফেরত বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে লিবিয়া ফেরত বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। লিবিয়া থেকে তিউনিসিয়ায় আশ্রয় নেওয়া বাংলাদেশি কর্মীদের সর্বশেষ অবস্থা এবং তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী এ কথা বলেন। লিবিয়া থেকে ৩০ হাজারের বেশি কর্মী দেশে ফিরে আসায় সরকারের উদ্বেগের কথা জানিয়ে মোশারফ বলেন, "ভবিষ্যতে বিদেশে পাঠানোর ক্ষেত্রে এসব কর্মীকে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যবসা করতে চাইলে দেশে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তাদের ঋণের ব্যবস্থা করা হবে।" মন্ত্রী জানান, লিবিয়া থেকে তিউনিসিয়া সীমান্তে আশ্রয় নেওয়া ৩০ হাজার ৬২৭ জনকে ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনো একটি ক্যাম্পে এক হাজার ৮৩৬ জন রয়েছেন। তাদের ২৮ মার্চের মধ্যে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হবে। সেখানে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন জানিয়ে তাদের ঝুঁকিপূর্ণ চলাচল না করার অনুরোধ করেন মন্ত্রী। মোশারফ বলেন, "লিবিয়ায় কিছু বাংলাদেশি কর্মীর বেতন-ভাতা বকেয়া রয়েছে। সরকার তাদের চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। কোম্পানিগুলো এসব পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছে।" অবশ্য মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে জনশক্তি রপ্তানিতে বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই বলে মত প্রকাশ করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএন/জেকে/১৬৫৯ ঘ.