যশোর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যানেল আই-এর সিনিয়র ক্যামেরাম্যান শহীদুল্লাহ টিটন (৩৭) সোমবার রাতে যশোরে মারা গেছেন।
রাত ৮টা ৫০মিনিটে যশোরের বাঘারপাড়া উপজেলার বড়খুদরা স্কুল মাঠে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠান চলাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
চ্যানেল আই-এর যশোর প্রতিনিধি আক্রাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ সোমবার 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের 'কৃষি বাজেট ও কৃষকের বাজেট' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে যশোর আসেন।
অনুষ্ঠানটি ধারণ করতে তাদের সঙ্গে শহীদুল্লাহও আসেন ঢাকা থেকে।
যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সালাহ উদ্দিন বলেন, হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শহীদুল্লাহ টিটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার শান্তি কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24