ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবকে স্বাগত জানালেও সেখানে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
লিবিয়ায় গত এক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতা এবং সরকারি বাহিনীর দমন পিড়ন বন্ধে গত সোমবার লিবিয়ার আকাশকে 'নো ফ্লাই জোন' ঘোষণা ও প্রয়োজনে 'সব রকম ব্যবস্থা' নেওয়ার প্রস্তাব অনুমোদন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরপর শনিবার রাত থেকে লিবিয়ায় সামরিক অভিযান শুরু করে যৌথবাহিনী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'হুমকির মুখে থাকা জনবহুল এলাকা এবং নাগরিকদের নিরাপত্তায় জাতিসংঘের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।'
বাংলাদেশ সরকার লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে সবচে বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশিসহ সব বেসামরিক নাগরিকের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।
'জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৯৭৩ (২০১১)-এর আলোকে আমরা আরো বলতে চাই, লিবিয়ার মানুষের আশা আকাক্সক্ষাকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে চলমান এ সঙ্কট থেকে উত্তোরণের চেষ্টা চালিয়ে যেতে হবে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২১৫৬ ঘ.
bdnews24