২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাদিয়া দ্বীপে ৩১০ একর জমি দখলমুক্ত

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের ৩১০ একর সরকারি জমি দখলমুক্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

কক্সবাজার, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের ৩১০ একর সরকারি জমি দখলমুক্ত করেছে। সরকারি জমি দখল ও পরিবেশের ক্ষতি করায় তিনজনের প্রায় সাড়ে ২২ লাখ টাকা জরিমানাও করা হয়। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনির চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চলে। মুনির চৌধুরী সাংবাদিকদের বলেন, "দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র সোনাদিয়া দ্বীপের প্যারাবন নিধন ও ভূমির গঠন পরিবর্তন করে পরিবেশের ক্ষতি করে আসছে। "তারা খাস জমিতে বাঁধ দিয়ে চিংড়ি ঘের করে প্যারাবন ধ্বংস করে আসছিল।" তিনি জানান, স্থানীয় বন বিভাগ অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলা করলেও জমি উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার তার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও উপকূলীয় বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব চিংড়ি ঘেরের বাঁধ কেটে দেয়। মুনির চৌধুরী আরো বলেন, খাস জমি অবৈধ দখল করে বৃক্ষ নিধন, ভূমির রূপ পরিবর্তন ও জীববৈচিত্র্য ধ্বংসের অপরাধে স্থানীয় নাগু মেম্বারকে ১১ লাখ ২০ হাজার, মোস্তফা কামালকে ৬ লাখ ও জাহাঙ্গীরকে ৫ লাখ ২৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.