ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবাসী আয়ে (রেমিটেন্স) প্রভাব পড়েনি বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-২ আসনের সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোয় অস্থিরতার কারণে জনশক্তি রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে রেমিটেন্স প্রবাহে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি, কারণ প্রত্যাগতদের তুলনায় বিদেশগামী কর্মীর সংখ্যা বেশি।"
রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশফেরত কর্মীদের দেশে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
খন্দকার মোশাররফ বলেন, "যারা প্রশিক্ষণ নিয়ে ব্যক্তিগত উদ্যোগে কর্মসংস্থানে নিয়োজিত হতে চান, তাদের প্রশিক্ষণ ও প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থা হবে।"
২০১০ সালের পরিসংখ্যান তুলে ধরে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, "ওই বছর ১ হাজার ১০০ কোটি ৪৭ লাখ ডলার বা ৭৬ হাজার ৬৩৯ কোটি ৯৭ লাখ টাকা রেমিটেন্স হিসেবে এসেছে।"
'কেউ জিম্মি নেই'
খন্দকার মোশাররফ বলেন, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে কারো জিম্মি থাকার তথ্য পাওয়া যায়নি।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপু উকিলের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, গত বছরের জুলাই থেকে ফেব্র"য়ারি পর্যন্ত ২ লাখ ৪৯ হাজার ৫৮৭ জন বাংলাদেশি বিদেশে চাকরি পেয়েছেন।
আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকারের সময়ে ৯ লাখ ৩২ হাজার ৩০৭ জন দক্ষ/অদক্ষ কর্মী বিদেশে গেছেন।
চট্টগ্রাম-১১ আসনের সাংসদ শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৯১ সাল থেকে গত ফেব্র"য়ারি পর্যন্ত এক লাখ ৫৬ হাজার ৮৪৪ নারী কর্মী বিভিন্ন দেশে চাকরি পেয়েছেন।
শ্রম আদালতে সাড়ে ১০ হাজার মামলা
রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে দেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল ও ৭টি শ্রম আদালত রয়েছে। এসব আদালতে বর্তমানে ১০ হাজার ৩৩৯টি মামলা বিচারাধীন।
মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা পর্যায়ে শ্রম আদালতের কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৮৫৫ ঘ.
bdnews24