সিলেট, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সরকারি কলেজে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে দুজন আহত হয়েছে।
কয়েকদিন আগে কলেজের বাইরে একটি কনসার্টে দুই পক্ষের হাতাহাতির জের ধরে সোমবার তারা কলেজে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
আহত একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র রাহিন আহমদ ও মাসুম আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা কলেজ ছাত্রলীগের কর্মী বলে কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে টিলাগড় এলাকায় কলেজ ছাত্রলীগের আয়োজিত কনসার্টে সংগঠনের কনিষ্ঠ নেতা-কর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়।
তার জের ধরে সোমবার দুপুরে সংগঠনের জ্যেষ্ঠ একদল নেতা-কর্মী রড, হকিস্টিক নিয়ে কনিষ্ঠ কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেবাংশু দাশ মিঠু বিকালে সাংবাদিকদের বলেন, পূর্ব ঘটনার জের ধরে দুপুরে 'সিনিয়র' পক্ষ ও 'জুনিয়র' পক্ষের কর্মীরা মারামারি করেছে। তবে পরিস্থিতি এখন শান্ত।
কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ বলেন, কলেজে প্রতিপক্ষের হামলায় দুই জন ছাত্র আহত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ তাদের খোঁজ খবর নিচ্ছে।
ওসি নওরোজ বলেন, ঘটনার পর কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24