২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের জন্য বাজেটে পৃথক বরাদ্দ দাবি

পোশাক শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াতে রেশনিং ও বাসস্থানের জন্য বাজেটে আলাদা বরাদ্দের দাবি জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 06:06 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াতে রেশনিং ও বাসস্থানের জন্য বাজেটে আলাদা বরাদ্দের দাবি জানানো হয়েছে। রোববার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক সেমিনারে আলোচকরা এ দাবি জানান। 'পোশাক শ্রমিক ও শিল্পকে সমৃদ্ধ ও সুষমকরণ: রেশনিং ও বাসস্থানের জন্য বাজেটে বরাদ্দের প্রয়োজনীয়তা' শীর্ষক এক সেমিনারে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব সরকারকে নিতে হবে। মুক্ত বাজার অর্থনীতিতে বাজার ব্যবস্থা ধরে রাখা সম্ভব নয়। তিনি বলেন, বিভিন্ন পেশাজীবীর জন্য আলাদা কলোনি থাকলেও পোশাক শ্রমিকদের জন্য এধরনের কোনো কলোনি নেই। অধ্যাপক আকাশ পোশাক শ্রমিকদের জন্য আলাদা কলোনি গড়ে তুলতে সরকার ও শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান। বিচারপতি গোলাম রব্বানী বলেন, শ্রেণী সংঘর্ষ চলছে, সরবে বা নিরবে চলবেই। শ্রেণী সমাঝোতায় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণের বিষয়ে খুবই আন্তরিক। কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তারা তা করতে দেবে কিনা তাতে সন্দেহ রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম বলেন, পোশাক শ্রমিকদের বাসস্থান গড়ে তুলতে বর্তমান সরকার এক শতাংশ হারে শিল্প মালিক ও উদ্যোক্তাদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, ক্ষমতা গ্রহণের দু'বছরের মধ্যেই শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, ন্যায্য মূল্যে চাল বিতরণ ও ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকার নিজেকে শ্রমিক-বান্ধব হিসেবে প্রমাণ করেছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বলেন, পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের অধিকাংশই দেশের বিভিন্ন স্থান থেকে আসা। পর্যাপ্ত আবাসন ব্যবস্থার অভাবে তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয়। তিনি শিল্প এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের জন্য সরকারের প্রতি দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/ ২৩৫০ ঘ.