চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া ফেরত বাংলাদেশিদের কাছ থেকে চাকরির আবেদন নিচ্ছে দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন লিমিটেড।
এরই মধ্যে অর্ধশতাধিক লিবিয়াফেরত ব্যক্তি চাকরির জন্য প্রতিষ্ঠানের কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন বলে রোববার সংবাদপত্র কার্যালয়ে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কর্মহীন শ্রমিকদের চাকরি দেওয়ার জন্য সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের নিচতলায় অবস্থিত ওয়েস্টার্ন মেরিনের কার্যালয়ে যোগাযোগ করে আবেদন জমা দেওয়া যাবে।
লিবিয়া ফেরত বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে কারিগরি দক্ষতাসম্পন্ন শ্রমিকদের কাছ থেকে এ আবেদন নেওয়া হচ্ছে। দক্ষ ছাড়াও অর্ধদক্ষ শ্রমিকরাও এতে আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৫৫ ঘ.
bdnews24