চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে কেরানীহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামাত আলী প্রকাশ বাচাইয়া, বিকাশ কুমার দেওয়ানজী, নাসির উদ্দিন, মোহাম্মদ ফারুক, শহীদুল আলম ও শাহাদাত ইসলাম।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১০টার দিকে কেরানীহাট এলাকায় ডাকাতি করতে যাওয়ার সময় মাইক্রোবাসসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তারপর মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি জানান, তাদের সবাই এর আগে বিভিন্ন ডাকাতি মামলায় ছয় থেকে সাত বছর করে সাজা ভোগ করেছেন। তাদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও সাতকানিয়াসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/২১৫২ ঘ.
bdnews24