২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে মেলায় সন্ত্রাসীদের গুলি, আহত ১১

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বৌদ্ধ মেলায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন ১১ জন, এর মধ্যে দুজন গুলিবিদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

খাগড়াছড়ি, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বৌদ্ধ মেলায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন ১১ জন, এর মধ্যে দুজন গুলিবিদ্ধ। রোববার প্রথম প্রহরে চাইন্দামুনি বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। হামলার জন্য মেলা কমিটি ও স্থানীয়রা শান্তিচুক্তিবিরোধী পাহাড়িদের দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে। হামলাকারী সন্দেহে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে তারা। অন্যদিকে ইউপিডিএফ বলছে, ওই মেলায় জুয়া চলছিলো। তার প্রতিবাদ করতে গিয়ে তাদের দুই কর্মী হামলার শিকার হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- খিবরী মারমা (৩০) ও থুইসামং মারমা (৪০)। আহত অন্যরা হলেন- আইয়ুব আলী (৪০), আচিংসে মারমা (৩০), ক্যউ মারমা (৫১) উষা মারমা (২৯) ক্যচিং মং মারমা (২২), কংজ্যফা (৩৭), মংলাপ প্র" মারমা (৩৫) অংসা মারমা (২০) ও ক্রাবাই মারমা (৬৫)। মেলায় হামলার প্রতিবাদে রোববার বিকালে মেলাস্থলের কাছে রামেসু বাজারে সমাবেশ করেছে এলাকাবাসী। ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষে গুইমারা চাইন্দামুনি বৌদ্ধ বিহারে মেলা ও রাতে রামেসু বাজার এলাকায় আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলায় সন্ত্রাসীরা দফায় দফায় বাধা দেয়। মেলা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিরোধ করার চেষ্টা করা হলে রাত সোয়া ১২টার দিকে সন্ত্রাসীরা ১০-১৫ রাউন্ড গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। এর পর পরই মেলা বন্ধ হয়ে যায় এবং আতঙ্কিত লোকজন ছুটাছুটি করতে গিয়ে পদদলিত হয়ে মহিলা ও শিশুসহ নয় জন আহত হয়। মেলায় হামলাকারী সন্দেহে রোববার সকালে মহন্ত ত্রিপুরা (৪৫) ও প্রতিন কুমার ত্রিপুরা (২৫) নামে দুই ইউপিডিএফকর্মীকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে। তাদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ খিবরী ও থুইসামং ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন বলে মেলা আয়োজক কমিটির সভাপতি চিংহলা প্র" মারমা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ইউপিডিএফ গত বৃহস্পতিবার সব ধরনের অনুষ্ঠান করতে নিষেধ করে। কিন্ত তা উপেক্ষা করে মেলা চালানোয় তারা ক্ষিপ্ত হয়ে মধ্যরাতে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে অনুষ্ঠান ভণ্ডুল করে। গুইমারা থানার ওসি আবদুর রব হাওলাদার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ইউপিডিএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, শনিবার রাতে গুইমারায় জুয়া খেলার বিরুদ্ধে এলাকাবাসী গণপ্রতিরোধ করে এবং রোববার সকালে সংঘবদ্ধ জুয়াড়ি চক্রের হামলায় মহন্ত ও প্রতীম আহত হন। ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা শাখার প্রধান প্রদীপন খীসা অবিলম্বে জুয়াড়ি চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯০০ ঘ.